
গর্ভধারণের ঘরোয়া উপায়: টিপস, খাবার ও জীবনযাত্রা

বিয়ের পর এক-দু’বছর পেরোতেই আত্মীয়স্বজনের নানা প্রশ্নের মুখে পড়তে হয়। অনেকেই জানতে চান, “কবে সুখবর শোনাচ্ছ?” আপনিও হয়তো পরিবার বাড়ানোর পরিকল্পনা করছেন এবং স্বাভাবিকভাবে গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর উপায় খুঁজছেন। এই সময়ে মনে নানা প্রশ্ন আসতে পারে: কী খেলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে? জীবনযাত্রায় কী পরিবর্তন আনা প্রয়োজন? ইন্টারনেটে অনেক ঘরোয়া পরামর্শ পাওয়া যায়, তবে সব পরামর্শই যে কার্যকর বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তা নয়।
চলুন জেনে নিই, গর্ভধারণের পরিকল্পনা করলে কী খাওয়া যাবে, কোন অভ্যাস এড়িয়ে চলতে হবে এবং কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
গর্ভধারণ কিভাবে হয়?
মাসে একবার ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু বেরোয়। একেই বলে ডিম্বস্ফোটন। ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে নামে, আর সেখানে শুক্রাণুর সঙ্গে মিলনে নিষেক ঘটে। তৈরি হওয়া ভ্রূণ কয়েক দিন ধরে জরায়ুর দিকে যায় এবং ছয় থেকে দশ দিনের মধ্যে জরায়ুর গায়ে বসে, এখানে গর্ভধারণের আসল শুরু। পুরো ধাপের কোন টায় বাধা পড়লে দেরি হতে পারে।
গর্ভধারণের মূল কথা
সবচেয়ে বেশি কাজে লাগে সময়ের হিসাব। ডিম্বস্ফোটনের আগের পাঁচ দিন আর ডিম্বস্ফোটনের দিন, এই ছয় দিনই উর্বর সময়। কারণ শুক্রাণু শরীরের ভেতরে কয়েক দিন বেঁচে থাকে, আর ডিম্বাণু বাঁচে মাত্র একদিনের মতো। ২৮ দিনের চক্রে সাধারণত ১০ থেকে ১৭ দিনের মধ্যে এই সময়। এই সময়ে একদিন অন্তর সহবাস করলেই যথেষ্ট। রোজ করা জরুরি নয়, আবার মাসে একবার করাও যথেষ্ট নয়। স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে চাইলে এই সময়ের হিসাবটাই সবচেয়ে বেশি কাজে লাগে।
কোন অভ্যাসগুলো সন্তান ধারণ কঠিন করে?
ছোট ছোট অভ্যাস মিলেই অনেক সময় বড় ফারাক তৈরি হয়:
- ধূমপান, যা ডিম্বাণু আর শুক্রাণু, দুটোরই মান খারাপ করে
- নিয়মিত মদ্যপান
- দিনে দুই-তিন কাপের বেশি চা-কফি
- খুব বেশি ওজন বা খুব কম ওজন
- ঘুমের অনিয়ম আর দীর্ঘদিনের মানসিক চাপ
- সহবাস খুব কম হওয়া, বা উর্বর সময় বুঝতে না পারা
মানসিক চাপের কারণে গর্ভধারণ বিলম্বিত হতে পারে। তাই চাপ সামলানোর উপায় খুঁজে নেওয়া দরকার, কারণ অতিরিক্ত দুশ্চিন্তা হরমোনের ছন্দ নষ্ট করে।
গর্ভধারণের জন্য সঠিক জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস
প্রথমেই একটা কাজ। চেষ্টা শুরুর আগে থেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে ফলিক অ্যাসিড শুরু করুন। এটা শিশুর স্নায়ুর বিকাশে সাহায্য করে। এর পাশাপাশি রোজ ত্রিশ মিনিট হাঁটা, সাত-আট ঘণ্টা ঘুম, আর ওজন স্বাভাবিক রাখার চেষ্টা। এগুলোই প্রাকৃতিক উপায়ে ফার্টিলিটি বাড়ানোর সবচেয়ে সহজ ভিত্তি।
ফার্টিলিটি বাড়ায় এমন খাবার
- সবুজ শাক, যেমন পালং বা মেথি, ফোলেট আর আয়রন পাওয়া যায়
- ডাল, ছোলা, রাজমা
- বাদাম আর বীজ, যেমন আখরোট, কাঠ বাদাম, তিসি
- ডিম, দুধ, দই
- ছোট মাছ, যেমন মৌরলা বা কাতলা, ওমেগা-৩ পাওয়া যায়
- লাল চালের ভাত, ওটস বা গমের আটার রুটি
- মরশুমি ফল, বিশেষ করে সাইট্রাস আর বেরি
এই তালিকার বাইরেও ফার্টিলিটি বাড়ায় এমন সেরা খাবার আছে, তবে মূল কথা হলো নিয়ম মানা।
যে খাবার কমাবেন বা পুরোপুরি এড়াবেন
- ট্রান্স ফ্যাট, মানে বারবার ভাজা তেলে ভাজা খাবার আর প্যাকেটের স্ন্যাকস
- অতিরিক্ত চিনি আর মিষ্টি পানীয়
- প্রক্রিয়াজাত মাংস
- বেশি পারদযুক্ত মাছ, যেমন কিং ম্যাকেরেল
- মদ্যপান, আর ক্যাফেইন সীমিত রাখা
পানীয়ের মধ্যে জল, দুধ আর ডাবের জলই সবচেয়ে নিরাপদ। এমন কোনও পানীয় নেই যা প্রমাণ সহ গর্ভধারণ দ্রুত করে।
পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর ঘরোয়া উপায়
সন্তান না হওয়ার প্রায় অর্ধেক ক্ষেত্রে পুরুষের দিকেও কারণ থাকে, তাই এই অংশ বাদ দেওয়ার উপায় নেই।
- ধূমপান ও মদ্যপান ছাড়া বা অনেক কমানো
- তলপেট গরম হয়, এমন অভ্যাস এড়ান: গরম জলে লম্বা স্নান, কোলে ল্যাপটপ, খুব আঁটসাঁট অন্তর্বাস
- রোজ হালকা ব্যায়াম, ওজন ঠিক রাখা
- জিঙ্ক আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরা খাবার, যেমন বাদাম, ডিম, রঙিন সবজি
- স্টেরয়েড বা শরীরচর্চার সাপ্লিমেন্ট নিজে থেকে না খাওয়া
এই অভ্যাসগুলোর সঙ্গে শুক্রাণুর সংখ্যা বাড়ানোর উপায় মেনে চললে শুক্রাণুর মান ধীরে ধীরে ভালো হয়। আর উর্বর সময়ের হিসাব ঠিক রাখতে শুক্রাণুর আয়ু কতদিন, সেটাও জানা দরকার।
কোন সহবাসের ভঙ্গিতে তাড়াতাড়ি গর্ভধারণ হয়?
সোজা উত্তর, কোনও ভঙ্গিই প্রমাণিত ভাবে বেশি কার্যকর নয়। শুক্রাণু অল্প সময়ে জরায়ু মুখ পেরিয়ে যায়, তাই ভঙ্গি বদলালে লাভ নেই। সহবাসের পর কিছুক্ষণ শুয়ে থাকতে চাইলে থাকতে পারেন, ক্ষতি নেই, কিন্তু এতে সম্ভাবনা বাড়ে, এমন প্রমাণও নেই। যে ভঙ্গিতে দু’জনেই স্বস্তি পান, সেটাই ভালো।
শুধু ঘরোয়া উপায়ই কি যথেষ্ট?
সব সময় নয়। খাদ্যাভ্যাস আর জীবনযাত্রা ঠিক রাখলে সম্ভাবনা বাড়ে, কিন্তু কোনও শারীরিক কারণ থাকলে শুধু এতে কাজ হয় না। যেমন পিসিওএস, ব্লক হওয়া টিউব বা শুক্রাণুর সমস্যা। আর অশ্বগন্ধা, মাকা বা অন্য কোন ভেষজ সাপ্লিমেন্ট এর পক্ষে জোরালো প্রমাণ নেই। ডাক্তারকে জিজ্ঞেস না করে এগুলো খাবেন না।
গর্ভধারণ নিয়ে কিছু ভুল ধারণা ও আসল তথ্য
- ভুল: রোজ সহবাস করলে শুক্রাণু কমে যায়। আসল: উর্বর সময়ে একদিন অন্তর বা রোজও করা যায়।
- ভুল: সন্তান না হওয়া শুধু মেয়েদের সমস্যা। আসল: পুরুষের কারণে ও হতে পারে।
- ভুল: জন্মনিয়ন্ত্রণের বড়ি খেলে স্থায়ী সমস্যা হয়। আসল: বড়ি বন্ধ করলে সাধারণত কয়েক মাসের মধ্যে চক্র ফিরে আসে।
- ভুল: পা উঁচু করে শুয়ে থাকলে নিশ্চিত হবে। আসল: এর কোনও প্রমাণ নেই।
- ভুল: যোগ ব্যায়াম করলেই গর্ভধারণ হয়ে যায়। আসল: যোগব্যায়াম চাপ কমায়, কিন্তু একা কোনও চিকিৎসার বিকল্প নয়।
কখন ডাক্তার দেখাবেন?
সাধারণ নিয়ম হলো, ৩৫ বছরের নিচে হলে এক বছর নিয়মিত চেষ্টার পর, আর ৩৫ বা তার বেশি বয়স হলে ছয় মাস পর পরীক্ষা করানো। তবে এই কারণগুলোতে অপেক্ষা না করাই ভালো:
- পিরিয়ড খুব অনিয়মিত বা একেবারে বন্ধ
- আগে থেকে জানা আছে এন্ডোমেট্রিওসিস বা পিসিওএস
- বারবার গর্ভপাত
- পুরুষের দিকে কোন সমস্যার ইতিহাস
- বয়স ৪০-এর কাছাকাছি
দেরি না করে পরীক্ষা করলে বোঝা যায় সমস্যাটা কোথায়। এই সমস্ত চিকিৎসার জন্য বিড়লা ফার্টিলিটি বিশেষজ্ঞ চিকিৎসকরা আপনার সমস্যা বুঝে আপনাকে সঠিক পথ প্রদর্শন করবে।
প্রশ্ন
- গর্ভধারণের ঘরোয়া উপায় কী কী?
সুষম খাবার, ফলিক অ্যাসিড, নিয়মিত ঘুম আর ব্যায়াম, ধূমপান-মদ্যপান ছাড়া, আর উর্বর সময় ধরে সহবাস। এগুলো সম্ভাবনা বাড়ায়, তবে কোনও কিছুই ফল নিশ্চিত করে না।
- গর্ভধারণের সম্ভাবনা কিভাবে বাড়াতে পারি?
ডিম্বস্ফোটনের সময় বুঝে একদিন অন্তর সহবাস করুন, ওজন স্বাভাবিক রাখুন, চাপ কমান। দু’জনেরই স্বাস্থ্যের দিকে নজর দিন।
- তাড়াতাড়ি গর্ভধারণের জন্য কী পান করবেন?
জল, দুধ আর ডাবের জল ভালো। কোনও পানীয় সরাসরি গর্ভধারণ দ্রুত করে, এমন প্রমাণ নেই। চা-কফি সীমিত রাখুন আর মদ্যপান বাদ দিন।
- ১০০% প্রাকৃতিক ভাবে সন্তান নেওয়া কি সম্ভব?
সুস্থ দম্পতিদেরও এক মাসে গর্ভধারণের সম্ভাবনা মোটামুটি ২০ থেকে ২৫ শতাংশ। তাই ১০০% নিশ্চয়তা কোনও পদ্ধতিতেই নেই। ধৈর্য রাখুন, আর সময় পেরোলে পরীক্ষা করান।
- গর্ভধারণের জন্য ঘরে কোন কোন উপায় করতে পারি?
স্বাস্থ্যকর খাওয়া, হালকা ব্যায়াম, ভালো ঘুম, চাপ কমানো আর উর্বর সময়ে সহবাস। কোনও ভেষজ ওষুধ বা সাপ্লিমেন্ট ডাক্তারকে না জিজ্ঞেস করে খাবেন না।
To know more
Birla Fertility & IVF aims at transforming the future of fertility globally, through outstanding clinical outcomes, research, innovation and compassionate care.
Had an IVF Failure?
Talk to our fertility experts